ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত; ৮ আরোহীর মৃত্যু

ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে উড্ডয়নের সময় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছেন
ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে উড্ডয়নের সময় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছেন | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে ওড়ার সময় একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল (সোমবার, ১৫ জুন) এর এই দুর্ঘটনায় বিমানটিতে আগুন ধরে যায় এবং এতে থাকা আটজন ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন বলে বিমান বাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিমান বাহিনীর কর্নেল জেমস হেইস এক সংবাদ সম্মেলনে জানান, পারমাণবিক ও প্রচলিত বোমা বহনে সক্ষম এই আট ইঞ্জিনের জেট বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল। রানওয়ে থেকে ওড়ার পরপরই এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী কয়েক মাইল দূর থেকেও দেখা যাচ্ছিল। হেইস আরও জানান, বিমানে থাকা আটজনের মধ্যে সরকারি বেসামরিক কর্মকর্তা, ঠিকাদার এবং ইউনিফর্মধারী সামরিক সদস্য ছিলেন। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের দুই কর্মীও রয়েছেন।

রাডার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে এই পরীক্ষামূলক ফ্লাইটটি পরিচালনা করা হয়েছিল। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং এ নিয়ে তদন্ত চলছে। কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম প্রকাশ করা হয়নি। লস অ্যাঞ্জেলেস থেকে ১০০ মাইল দূরে মরুভূমিতে বিধ্বস্ত এই বিমানের ধ্বংসস্তূপ ও পোড়া এলাকা একটি ফুটবল মাঠের চেয়েও বড় বলে আকাশচিত্র থেকে দেখা গেছে। হেইস বলেন, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে কারো বেঁচে থাকার সম্ভাবনা ছিল না।

রানওয়ের ক্ষয়ক্ষতির কারণে অন্তত মঙ্গলবার পর্যন্ত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে সব ধরনের উড়াল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৯৩০-এর দশকে প্রতিষ্ঠিত এই বিশাল পরীক্ষামূলক উড্ডয়ন কেন্দ্রটি প্রায় ৪৮১ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি মার্কিন বিমান বাহিনীর বৃহত্তম বিমানঘাঁটি। ১৯৪৮ সালে শব্দের দেয়াল ভেঙে চাক ইয়েগারের ঐতিহাসিক উড্ডয়ন এবং নাসার স্পেস শাটলের প্রথম অবতরণ—সবই এই ঘাঁটিতে হয়েছিল।

বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস দীর্ঘ পাল্লার এবং সাবসনিক গতির একটি বিমান, যা প্রায় ৭০ হাজার পাউন্ড অস্ত্র ও রসদ বহন করতে পারে। এটি মার্কিন কৌশলগত বোমারু বাহিনীর মেরুদণ্ড হিসেবে বিবেচিত। বিমানটি ক্লাস্টার বোমা থেকে শুরু করে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। সোমবারের এই দুর্ঘটনা ২০১৬ সালের মে মাসে গুয়াম দ্বীপে একটি বি-৫২ বিধ্বস্ত হওয়ার পর এই মডেলের প্রথম বড় দুর্ঘটনা। ২০১৬ সালের ওই ঘটনায় অবশ্য সব ক্রু সদস্য বেঁচে গিয়েছিলেন।

এএম