পরিবেশবাদী, নারীবাদী, সাম্রাজ্যবাদবিরোধী এবং ফিলিস্তিনপন্থি সংহতি আন্দোলনের কর্মীরা জেনেভার একটি লেকসাইড পার্কে জড়ো হয়ে শহরজুড়ে মিছিল করেন। এ সময় লেকের পানিতে ‘নো জি-৭’ (জি-৭ চাই না) লেখা পাল তোলা একটি নৌকা ভাসতে দেখা যায়। আগামীকাল (সোমবার, ১৫ জুন) থেকে শুরু হতে যাওয়া এই সম্মেলনে বিশ্বনেতারা মধ্যপ্রাচ্য সংকট, ইউক্রেন পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যহীনতার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
সম্মেলনকে কেন্দ্র করে ফরাসি ও সুইস কর্তৃপক্ষ হাজার হাজার পুলিশ মোতায়েন করেছে। নিরাপত্তার খাতিরে অনেক রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে এবং অননুমোদিত যেকোনো জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সহিংসতা ও লুটপাটের আশঙ্কায় জেনেভার অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটের সামনে কাঠের প্যানেল দিয়ে সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। এর আগে ২০০৩ সালে এভিয়ানে অনুষ্ঠিত একই ধরনের একটি সম্মেলনের সময় জেনেভায় ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার ৩৫টি সীমান্ত পারাপারের মধ্যে মাত্র ৭টি খোলা রাখা হয়েছে।
বিক্ষোভকারীরা গত কয়েক দিন ধরেই জেনেভায় জড়ো হচ্ছিলেন। রোববার অনুষ্ঠিত এই বিশাল পদযাত্রাকে অ্যাক্টিভিস্টরা জি-৭ জোটের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ প্রতিবাদের অংশ হিসেবে দেখছেন।





