মার্কিন ঋণে পোল্যান্ডের সামরিক শক্তিবৃদ্ধি; যুক্ত হলো অত্যাধুনিক যুদ্ধবিমান

এফ-৩৫ লাইটনিং ২ স্টিলথ স্ট্রাইক ফাইটারের সামনে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি
এফ-৩৫ লাইটনিং ২ স্টিলথ স্ট্রাইক ফাইটারের সামনে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি | ছবি: রয়টার্স
0

অস্ত্র কেনার জন্য পোল্যান্ডকে ‘ফরেন মিলিটারি ফাইন্যান্সিং’ কর্মসূচির আওতায় নতুন করে ৪০০ কোটি ডলার ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে কেনা এফ-৩৫ যুদ্ধবিমানের উদ্বোধনী উড়াল অনুষ্ঠানে এই ঘোষণা দেন মার্কিন অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস ডিন্যানো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডিন্যানো সংবাদ সংস্থা পিএপি-কে জানান, নতুন এই ঋণের ফলে সামরিক সরঞ্জাম কেনার জন্য পোল্যান্ডের হাতে মার্কিন ঋণের মোট পরিমাণ দাঁড়াবে ২ হাজার কোটি ডলারে। রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ন্যাটো সদস্য রাষ্ট্র হিসেবে পোল্যান্ডই প্রথম জোটের পূর্ব প্রান্তে এই অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করল।

২০২০ সালে ৪৬০ কোটি ডলারের চুক্তিতে পোল্যান্ড ৩২টি পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমানের ক্রয়াদেশ দিয়েছিল। এর মধ্যে প্রথম তিনটি বিমান গত মে মাসে পোল্যান্ডে পৌঁছেছে এবং ২০২৯ সালের মধ্যে সব কটি বিমান হস্তান্তরের কথা রয়েছে। পোলিশ কর্মকর্তাদের মতে, এফ-৩৫ দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। এই বিমানে যেমন শত্রু রাডারকে ফাঁকি দেয়ার প্রযুক্তি রয়েছে, তেমনি এতে থাকা সেন্সরগুলো পাইলট ও অন্যান্য ইউনিটের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে।

অনুষ্ঠানে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি ও প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ উপস্থিত ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সশস্ত্র বাহিনীর উন্নয়ন কর্মসূচির আওতায় আমরা সামরিক শক্তি বাড়াতে আরও দুই স্কোয়াড্রন পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান যুক্ত করার পরিকল্পনা নিয়েছি।’

এএম