ভ্রমণ ভিসায় মালয়েশিয়া গিয়ে বিপাকে বাংলাদেশিরা, বাড়ছে মানবেতর জীবনযাপন

মালয়েশিয়ার প্রবাসীরা
মালয়েশিয়ার প্রবাসীরা | ছবি: এখন টিভি
0

ভ্রমণ ভিসায় গিয়ে মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় থেকে যাওয়ার প্রবণতা বাড়ছে অনেকের মধ্যে। এদের কেউ কেউ কাজের সন্ধান করতে পারলেও, বেশিরভাগই কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। এতে একদিকে বাড়ছে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈধ প্রবাসীদের ভাবমূর্তিও। তাই কারো প্ররোচনায় কাজের উদ্দেশ্যে ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় না যাওয়ার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের।

মালয়েশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পর্যটন খাত। তাই বেশি পর্যটক টানতে বাংলাদেশসহ অনুন্নত দেশের নাগরিকদের জন্যও ভিসা শর্ত সহজ রেখেছে দেশটি। সে সুযোগে ভ্রমণ পিপাসু বহু বাংলাদেশি পর্যটক আসেন দেশটির সৌন্দর্য উপভোগ করতে। তবে তাদের একটি অংশ কাজের উদ্দেশে নির্ধারিত সময় শেষে দেশে না ফিরে থেকে যাচ্ছেন অবৈধভাবে।

তাদের কেউ নির্মাণ, রেস্টুরেন্ট, হোটেল বা কারখানায় কাজ পেলেও ঝুঁকি থাকে গ্রেপ্তার হওয়ার। প্রবাসীরা বলছেন, ভ্রমণ ভিসা শুধুমাত্র অস্থায়ী অবস্থানের জন্য। তবে কিছু দালাল চক্র সহজে কাজ পাওয়ার প্রলোভন দেখিয়ে পর্যটক ভিসাকে অবৈধ শ্রমবাজারে প্রবেশের মাধ্যম হিসেবে ব্যবহার করছে।

এদিকে দেশটির ইমিগ্রেশনের বিভিন্ন অভিযানে মেয়াদহীন ভ্রমণ ভিসাধারী বিদেশিদের গ্রেপ্তার করার তথ্যও পাওয়া যাচ্ছে। অবৈধ অবস্থানের দায়ে জেল ও কালো তালিকাভুক্তি করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভ্রমণ ভিসা প্রাপ্তির ঝুঁকিও তৈরি হচ্ছে। তাই কাজের উদ্দেশে কেবল কর্মী ভিসাতেই আসার আহ্বান প্রবাসীদের।

বৈধ প্রক্রিয়া ছাড়া বিদেশে কাজের চেষ্টা না করে সচেতন হওয়া জরুরি। কারণ সাময়িক লাভের আশায় নেওয়া ভুল সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে বড় বিপদের কারণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেআর