১০ হাজার টনের যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিলেন কিম জং উন

কিম জং উন ও তার মেয়ে
কিম জং উন ও তার মেয়ে | ছবি: উত্তর কোরিয়া
0

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন সফরের আগে নিজ দেশের নৌবাহিনীকে ১০ হাজার টনের একটি ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) নির্মাণ এবং পানির নিচে ব্যবহারের জন্য গোপন অস্ত্র উদ্ভাবনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শনিবার দেশটির সরকারি দৈনিক রোদং সিনমুনের প্রতিবেদন অনুযায়ী, কিম জং উন বৃহস্পতিবার নৌবাহিনীর একটি পরীক্ষা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার ‘কাং কন’-এ ওঠেন এবং একই ওজনের আরেকটি যুদ্ধজাহাজ ‘চোয়ে হিয়ন’-ও পরিদর্শন করেন। শি জিনপিংয়ের আসন্ন সফরের আগে কিম একাধিক সামরিক ও অস্ত্র স্থাপনা পরিদর্শন করছেন। উল্লেখ্য, গত বছর উদ্বোধনী অনুষ্ঠানে ‘কাং কন’ আংশিকভাবে কাত হয়ে গিয়েছিল, পরে সেটি মেরামত করা হয়।

গত বৃহস্পতিবার নতুন একটি পারমাণবিক উপাদান উৎপাদন স্থাপনা পরিদর্শন শেষে দেশের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার ‘ব্যাপক হারে’ বাড়ানোর আহ্বান জানান কিম জং উন।

আগামী ৮ ও ৯ জুন পিয়ংইয়ং সফর করবেন শি জিনপিং। সাত বছরের মধ্যে এটিই চীনা নেতার দ্বিতীয় উত্তর কোরিয়া সফর। রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে নিজের একমাত্র আনুষ্ঠানিক চুক্তিভিত্তিক মিত্র দেশকে আবারও কাছে টানার চেষ্টা করছেন তিনি।

রোদং সিনমুনের প্রতিবেদনে কিম জং উনের বরাত দিয়ে বলা হয়েছে, পারমাণবিক হামলা প্রতিরোধে পিয়ংইয়ংকে অবশ্যই নৌশক্তি বাড়াতে হবে। তিনি স্থল, নৌ ও আকাশ—সব ক্ষেত্রেই শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, জাহাজ পরিদর্শনের সময় কিমের সঙ্গে ছিলেন তার মেয়ে। ধারণা করা হয়, কিশোরী এই মেয়ের নাম জু আয়ে।

২০২৫ সালের মে মাসে উত্তর কোরিয়া ঘোষণা করেছিল যে, চংজিন বন্দরে উদ্বোধনের সময় তাদের ৫ হাজার টনের একটি ডেস্ট্রয়ার আংশিকভাবে কাত হয়ে যায়। অনুষ্ঠানে উপস্থিত কিম জং উন তখন এই ঘটনাকে একটি ‘অপরাধমূলক কাজ’ হিসেবে আখ্যায়িত করে কঠোর সমালোচনা করেছিলেন। রাজিন বন্দরে মেরামতের পর পরের মাসে দ্বিতীয়বার জাহাজটির উদ্বোধনী অনুষ্ঠান হয় এবং এর নাম দেয়া হয় ‘কাং কন’।

দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিন রয়টার্সকে বলেন, এই প্রথম উত্তর কোরিয়া ১০ হাজার টনের ডেস্ট্রয়ার নির্মাণের কথা উল্লেখ করেছে। তিনি আরও বলেন, শি জিনপিংয়ের সফরের আগে কিম সম্ভবত নিজ দেশের সক্ষমতা প্রদর্শন করতে চাইছেন।

এএম