জেলেনস্কির খোলা চিঠি: আলোচনায় বসার প্রস্তাব নাকচ করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন | ছবি: রয়টার্স
0

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এই মুহূর্তে সরাসরি সাক্ষাতের কোনো কারণ দেখছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাঁচ বছরে পা রাখা যুদ্ধ বন্ধের লক্ষ্যে জেলেনস্কির দেয়া সরাসরি আলোচনার প্রস্তাব শুক্রবার নাকচ করে দিয়েছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সম্প্রতি জেলেনস্কি একটি খোলা চিঠি প্রকাশ করেন, যা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। ওই চিঠিতে জেলেনস্কি দাবি করেন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, উচ্চ মূল্যস্ফীতি এবং জ্বালানি সংকটে রাশিয়ার অধিকাংশ মানুষ ক্লান্ত হয়ে পড়েছে এবং তারা এখন শান্তি চায়। তিনি আরও উল্লেখ করেন যে, যুদ্ধ চালিয়ে যাওয়া পুতিনের নিজের অবস্থানের জন্যও হুমকি হতে পারে। ইতিহাস বলছে, রাশিয়া যখন কোনো সংকটে ক্লান্ত হয়ে পড়ে, তখনই সেখানে পরিবর্তন আসে।

একটি বার্ষিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেয়ার সময় পুতিন বলেন, জেলেনস্কির ওই চিঠিকে আলোচনার জন্য কোনো আন্তরিক প্রস্তাব বলে মনে হচ্ছে না। ওই অনুষ্ঠানে রাশিয়ার শীর্ষ ব্যবসায়ীরা যুদ্ধের কারণে সৃষ্ট উচ্চ সুদের হার এবং অর্থনৈতিক স্থবিরতা নিয়ে অভিযোগ করছিলেন।

চিঠির বিষয়ে পুতিন বলেন, ‘এই চিঠিতে বেশ কিছু রূঢ় মন্তব্য রয়েছে। এটি কি মুখোমুখি বৈঠকের পরিবেশ তৈরির জন্য লেখা, নাকি বৈঠক এড়ানোর জন্য? আমার মনে হয় এটি দ্বিতীয়টির জন্যই করা হয়েছে।’

৭৩ বছর বয়সী ক্রেমলিন প্রধান সরাসরি জেলেনস্কির নাম না নিয়ে তাকে ‘চিঠির লেখক’ হিসেবে সম্বোধন করেন। জেলেনস্কির সঙ্গে দেখা করবেন কি না—এমন প্রশ্নে পুতিন সরাসরি বলেন, ‘আমি এই বৈঠকের কোনো অর্থ দেখি না। ইউক্রেনীয় পক্ষের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রা থামিয়ে দেয়া। কিন্তু আমাদের এমন চুক্তি দরকার যা তিন বা ছয় মাসের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদি হবে।’

রুশ নেতা আরও বলেন, ‘আগে বিশেষজ্ঞদের কাজ করতে দিন এবং তাদের কোনো সমাধান নিয়ে আসতে দিন। এরপর আমরা দেখা করতে পারি।’

এদিকে রাশিয়ার যুদ্ধবিষয়ক ব্লগাররাও জেলেনস্কির এই চিঠিকে নাকচ করে দিয়েছেন। তাদের মতে, এটি যুদ্ধ বন্ধের কোনো চেষ্টা নয়, বরং রাশিয়ার ভেতরে অসন্তোষ ছড়িয়ে দেয়ার একটি ‘বিদ্বেষপূর্ণ প্রচারণা’ মাত্র।

এএম