জ্বালানি মূল্যবৃদ্ধি: দিল্লিতে ৩ দিনের পরিবহন ধর্মঘট

দিল্লিতে ধর্মঘট
দিল্লিতে ধর্মঘট | ছবি: সংগৃহীত
0

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারতে দিল্লি ও আশপাশের এলাকায় ৩ দিনের পরিবহন ধর্মঘট ডেকেছে ৬৮টি পরিবহন ইউনিয়ন। পরিবহন ভাড়া বাড়ানোর দাবিতে চাক্কা জ্যাম নামে এই বিক্ষোভে নেমেছে অটোরিকশা ও ট্যাক্সি চালকেরা। এছাড়া, রাইড শেয়ারিং অ্যাপভিত্তিক যানগুলো নিয়ন্ত্রণের দাবি জানায় তারা। ২১ থেকে ২৩ মে পর্যন্ত চলা এই ধর্মঘটে বন্ধ থাকবে সব ধরনের বাণিজ্যিক গাড়ি। এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা।

সম্প্রতি জ্বালানি সংকট মোকাবিলায় বাসিন্দাদের সাশ্রয়ী হওয়ার নির্দেশ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানোর আহ্বানও জানান তিনি। শুধু তাই নয় জ্বালানি সাশ্রয়ে ছোট করেছেন নিজের গাড়ি বহর।

মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্বব্যাপী জ্বালানির দাম আকাশছোঁয়া। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে এরইমধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে দিল্লি। সরকারি কর্মকর্তাদের ২ দিন বাধ্যতামূলক হোম অফিস চালু এবং প্রতি সোমবার গণপরিবহণ ব্যবহারের ওপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। জ্বালানি সাশ্রয়ে ঢাকাসহ বহু আন্তর্জাতিক রুটে এয়ার ইন্ডিয়া বাতিল করেছে শত শত ফ্লাইট।

নানা পদক্ষেপের পরও দেশজুড়ে এক সপ্তাহের ব্যবধানে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয় দুই দফায়। দিল্লিতে পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৮ রুপি এবং ডিজেলের দাম ৯১ রুপির বেশি।

পরিবহন সংগঠনগুলোর অভিযোগ, জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও, সেই হারে বাড়েনি পরিবহন ভাড়া। গেল প্রায় ১৫ বছর ধরে দিল্লি ও আশপাশের অঞ্চলে ট্যাক্সির ভাড়া অপরিবর্তিত রয়েছে। এছাড়া, গাড়ি রক্ষণাবেক্ষণ, ইনস্যুরেন্স, ফিটনেস সার্টিফিকেট, পারমিট এসব কারণে চালকদের বাড়তি খরচ বহন করতে হয়।

এমন অবস্থায় পরিবহন ভাড়া বাড়ানোর দাবিতে ৩ দিনের ধর্মঘট ডেকেছে দিল্লি পরিবহন সংগঠনগুলো। আগামী ২১ থেকে ২৩ মে পর্যন্ত বন্ধ থাকবে ট্যাক্সি, ক্যাব, অটো-রিকশা ও বিভিন্ন পরিবহন পরিষেবা। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। এর জেরে রাজধানী দিল্লিতে নিত্যপণ্য সরবরাহে বড় সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। চালকরা বলছেন, পরিবহন ভাড়া না বাড়ায় আর্থিক সংকটে ভুগছে তারা।

অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস এবং ইউনাইটেড ফ্রন্ট অফ অল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনসের ব্যানারে ৬৮টিরও বেশি পরিবহন ইউনিয়ন চাক্কা জ্যাম প্রতিবাদে অংশ নিয়েছে। এসব সংগঠনে নিবন্ধিত প্রায় প্রায় ৪ লাখ ট্যাক্সি মালিক।

একইসঙ্গে অ্যাপ-ভিত্তিক পরিবহন সংস্থাগুলোর বিরুদ্ধে নিজেদের খেয়ালখুশি মতো ভাড়া আদায়ের গুরুতর অভিযোগ তুলেছে পরিবহন চালকেরা। তাদেরকে নিয়মের মধ্যে আনার দাবি জানায় তারা।

এরইমধ্যে পরিবহন ইউনিয়নের পক্ষ থেকে সব দাবিদাওয়ার একটি তালিকা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কাছে জমা দেয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে ভাড়া না বাড়ালে আন্দোলন আরও তীব্র করার হুশিয়ারি জানিয়েছে পরিবহন শ্রমিকরা।

ইএ