চীনে ইলন মাস্ক: কখনও দূরদর্শী, কখনও বিতর্কিত

ইলন মাস্ক
ইলন মাস্ক | ছবি: রয়টার্স
0

চীনে ইলন মাস্ককে একদিকে ‘দূরদর্শী উদ্যোক্তা’ হিসেবে সম্মান করা হয়, অন্যদিকে কিছু ক্ষেত্রে তিনি বিতর্কের মুখেও পড়েছেন। টেসলার প্রধান নির্বাহী হিসেবে তিনি যেমন প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতীক, তেমনি গ্রাহক অভিযোগ ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য সমালোচিতও হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে যোগ দেয়া শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদলের সদস্য হিসেবে এবারও চীনে আলোচনায় মাস্ক। তার সঙ্গে রয়েছেন অ্যাপলের টিম কুক ও এনভিডিয়ার জেনসেন হুয়াংসহ একাধিক করপোরেট প্রধান। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেয়ার পর মাস্ক বলেন, তিনি চীনে ‘অনেক ভালো কাজ’ করতে চান। অনুষ্ঠান শুরুর আগে তার ৩৬০ ডিগ্রি ভিডিও ধারণের দৃশ্য চীনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে অনেক ব্যবহারকারী তার উৎসাহের প্রশংসা করেন।

২০১৮ সালে টেসলা ছিল প্রথম বিদেশি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান, যারা চীনে স্থানীয় অংশীদার ছাড়া কারখানা স্থাপনের অনুমতি পায়। গত বছর চীনে টেসলা প্রায় ৬ লাখ ২৬ হাজার গাড়ি বিক্রি করেছে, যা দেশটির বৈদ্যুতিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বাজারে পঞ্চম স্থানে রয়েছে। টেসলার মোট আয়ের প্রায় এক-পঞ্চমাংশই এসেছে চীন থেকে। বৈদ্যুতিক গাড়ি, স্বচালিত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তিতে মাস্কের আগ্রহ চীনের প্রযুক্তি অগ্রাধিকারের সঙ্গে মিলে যায় বলে বিশ্লেষকদের মত।

তবে মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যের সব দিক চীনের কাছে গ্রহণযোগ্য নয়। স্পেসএক্স ও স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের একচেটিয়া আধিপত্য চীনা সামরিক ও কূটনৈতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। ইউক্রেন যুদ্ধে স্টারলিংকের ব্যবহার বেইজিংকে নিজস্ব স্যাটেলাইট সক্ষমতা বাড়াতে উৎসাহিত করেছে।

মাস্কের জনপ্রিয়তা চীনে কমেনি, যদিও তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স দেশটিতে নিষিদ্ধ। চীনা ওয়েইবোতে তার অনুসারী ২৩ লাখের বেশি। তাকে ‘গ্লোবাল আইডল’ বা ‘ভাই মা’ নামে অভিহিত করা হয়। তবে ২০২১ সালে সাংহাই অটো শোতে এক গ্রাহকের প্রতিবাদের ঘটনায় টেসলাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল। একই বছর নিরাপত্তাজনিত কারণে সামরিক স্থাপনায় টেসলা গাড়ি প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল, যা পরে তুলে নেয়া হয়।

বিশ্লেষকদের মতে, চীনের নিজস্ব বৈদ্যুতিক গাড়ি শিল্প দ্রুত এগিয়ে যাওয়ায় ভবিষ্যতে মাস্কের প্রভাব কিছুটা কমতে পারে। তবে প্রযুক্তি উদ্ভাবনের জন্য তিনি চীনের প্রযুক্তিখাতে দীর্ঘদিন অনুপ্রেরণার প্রতীক হয়েই থাকবেন।

এএম