ব্রিকসের কাছে বিশ্ববাসীর প্রত্যাশা বাড়ছে: জয়শঙ্কর

ব্রিকস লোগো
ব্রিকস লোগো | ছবি: সংগ্রহীত
0

আন্তর্জাতিক সম্পর্কের এক অস্থির সময়ে ‘ব্রিকস’ জোটের কাছে গঠনমূলক ও স্থিতিশীল ভূমিকার প্রত্যাশা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার দিল্লিতে ১১ সদস্যের এই শক্তিশালী জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারতের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত এই জোটের পরিধি বেড়ে এখন ১১ সদস্যে দাঁড়িয়েছে। নতুন সদস্যদের মধ্যে ইরান অন্যতম, যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে এক নড়বড়ে যুদ্ধবিরতি পালন করছে। জয়শঙ্কর বলেন, ‘চলমান সংঘাত, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাণিজ্য ও প্রযুক্তির চ্যালেঞ্জগুলো বিশ্ব পরিস্থিতিকে বদলে দিচ্ছে। এমন সময়ে উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর বড় প্রত্যাশা—ব্রিকস একটি স্থিতিশীল ভূমিকা পালন করবে।’

বিশ্বশান্তি ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সংঘাতগুলো প্রমাণ করেছে যে সংলাপ ও কূটনীতির কোনো বিকল্প নেই। সন্ত্রাসবাদ দমনে সব সদস্য দেশের ঐক্যবদ্ধ হওয়ার ওপরও তিনি জোর দেন। দুই দিনের এই সম্মেলনে সদস্য দেশগুলো বৈশ্বিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে মতবিনিময় করবে।

সম্মেলনে অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে দিল্লিতে রয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের কারণে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই বৈঠকে যোগ দিতে পারেননি। ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন। শুক্রবার একটি যৌথ ঘোষণার মাধ্যমে এই সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ এবং বৈশ্বিক জিডিপির ৩২ শতাংশের বেশি এই ব্রিকস দেশগুলোর অন্তর্ভুক্ত। পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরা এবং ডলারের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়ে কাজ করছে এই জোট।

এএম