নতুন করে আরও ৩ জনের শরীরে হান্টাভাইরাস শনাক্ত

হান্টাভাইরাস
হান্টাভাইরাস | ছবি: রয়টার্স
0

পশ্চিম আফ্রিকার উপকূল ভ্রমণে যাওয়া প্রমোদতরীর আরও তিনজনের মধ্যে হান্টাভাইরাসের সংক্রমণ শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী কয়েক দিনে আরও কিছু যাত্রী ও ক্রুর মধ্যে হান্টাভাইরাসের সংক্রমণ শনাক্ত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ ঠেকাতে জাহাজ থেকে নামা ব্যক্তিদের আইসোলেশনে রাখার পরামর্শ সংস্থাটির। এদিকে স্পেনের উপকূলে সবশেষ দলটিকে উদ্ধারের পর ২৬ জন ক্রু নিয়ে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা দিয়েছে হান্টাভাইরাস কবলিত জাহাজটি।

হান্টাভাইরাসের কবলে পড়া প্রমোদতরী থেকে যাত্রী ও ক্রু’র সবশেষ দলটিকেও সরিয়ে নেয়ার কাজ শেষ করেছে স্পেন। টেনুরিফের গ্রেনুদিলা বন্দরে সোমবার সবশেষ ২৮ জনের একটি দলকে জাহাজ থেকে সরিয়ে নেয়া হয়। তাদেরকে আকাশযোগে নেদারল্যান্ডসে পাঠানো হবে। এরইমধ্যে জাহাজের বেশ কয়েকজন যাত্রী ও ক্রু বিমানে করে নেদারল্যান্ডস পৌঁছেছেন।

ক্রু ও যাত্রীদের সরিয়ে নেয়ার কাজটি সম্পূর্ণ নিরাপদ প্রক্রিয়ায় হয়েছে বলে জানিয়েছেন স্পেনের স্বাস্থ্যমন্ত্রী।

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গর্সিয়া বলেন, ‘আমরা সফলভাবে এই অপারেশন শেষ করেছি। দুইদিনে আমরা ২৩ দেশের ১২৫ জন ক্রু ও যাত্রীকে উদ্ধার করেছি। তাদের অনেকেই এখন নিজের দেশে আছে। বাকিরা মাতৃভূমির পথে।’

এদিকে সোমবার স্পেনিশ উপকূলে যাত্রীদের নামিয়ে এরইমধ্যে নেদারল্যান্ডসের উদ্দেশে যাত্রা করেছে জাহাজটি। প্রমোদতরীতে আরও ২৬ জন ক্রু রয়েছেন।

আরও পড়ুন:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রিয়েসুস বলেন, ‘আমি সেই সাহসী ক্রু সদস্যদের আশ্বস্ত করতে চাই যারা এখনো জাহাজে অবস্থান করছেন। আপনাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। সম্ভাব্য সব উপায়ে তাদের সহযোগিতা প্রদান করা হবে।’

এখনও পর্যন্ত নয়জনের শরীরে হান্টাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যার মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। তবে জাহাজ থেকে যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে আরও সংক্রমণ সনাক্ত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জানিয়েছে, আক্রান্ত হওয়ার ৪০ থেকে ৪৫ দিনের মধ্যেও এই ভাইরাসের উপসর্গ দেখা দিতে পারে। সংক্রমণ ঠেকাতে জাহাজ থেকে নামা ব্যক্তিদের আইসোলেশনে রাখার পরামর্শ সংস্থাটির।

আরও পড়ুন:

এদিকে নেদারল্যান্ডসের একটি হাসপাতাল ১২ কর্মীকে ছয় সপ্তাহের জন্য আইসোলেশনে রেখেছে। হান্টাভাইরাসে আক্রান্ত রোগীদের পরিচর্যার সময় সঠিক নিয়ম না মানায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে রেডবাউন্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ। তবে কর্মীদের মধ্যে হান্টাভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে তারা।

হান্টাভাইরাস সংক্রমণের সুনির্দিষ্ট কোনো চিকিৎসাপদ্ধতি না থাকলেও সাধারণত রোগীর বিশ্রামের ওপর জোর দিয়েছে বিশেষজ্ঞরা। তবে এ নিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, হান্টাভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণিবাহিত একটি ভাইরাস। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে এ ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। তবে এটা বিরল।

চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেটের তথ্যমতে, দক্ষিণ কোরিয়ার হান্টান নদীর নামানুসারে এই ভাইরাসের নামকরণ। সত্তরের দশকে ওই এলাকাতেই প্রথম এই ভাইরাস শনাক্ত হয়েছিল।

এসএস