ইরান যুদ্ধের প্রভাবে ডায়েট কোক সংকট: ক্যান ঘিরে উন্মাদনা, হচ্ছে বিশেষ পার্টিও!

ডায়েট কোক পার্টি
ডায়েট কোক পার্টি | ছবি: সংগৃহীত
0

ভারতে ডায়েট কোকের ক্যান নিয়ে মাতামাতি শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইরান যুদ্ধের প্রভাবে সরবরাহ ঘাটতিতে এই পানীয় নিয়ে নতুন ধরনের উন্মাদনা দেখা দিয়েছে। এটি হয়ে উঠেছে অমূল্য পণ্য। রেস্তোরাঁগুলো আয়োজন করছে ডায়েট কোক পার্টিসহ নানা অনুষ্ঠান। বিক্রি হচ্ছে নকশা করা ক্যান, টিশার্টসহ বিভিন্ন স্মারক।

ডায়েট কোক মূলত বাজারজাত করা হয় অ্যালুমিনিয়াম ক্যানে। ভারতের বাজারে তুমুল জনপ্রিয় এই পানীয়টি প্লাস্টিক বোতলে পাওয়া যায় না। বিশ্বব্যাপী মোট অ্যালুমিনিয়াম ক্যান তৈরির প্রায় ৯ শতাংশ কাঁচামাল আসে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে। চলমান ইরান যুদ্ধের প্রভাবে ডায়েট কোক ক্যানের সরবরাহ ব্যবস্থায় ধস নেমেছে।

ভারতের অনেক দোকানে এখন আর মিলছে না ডায়েট কোক। তবে অনলাইনে মিলছে সীমিত পরিমাণে। এই সংকট নিয়ে তোলপাড় ভারতের সামাজিক মাধ্যম। ডায়েট কোকের ক্যান হয়ে উঠেছে ট্রেন্ড, ফ্যাশন এবং সামাজিক মাধ্যমের ভাইরাল কনটেন্ট।

আরও পড়ুন:

ক্যান পেলেই সেলফি, ভিডিও আর পোস্ট। নানা রঙে নকশা করা ক্যান ও টিশার্ট বানিয়ে তরুণরা এই উন্মাদনাকে রূপ দিচ্ছে শিল্পকর্মে। কেউ আবার সংগ্রহে রাখছেন ক্যান। রেস্তোরাঁগুলো এই সুযোগ নিয়ে আয়োজন করছে পার্টি ও বিভিন্ন প্রতিযোগিতা।

ভারতে একটি বিশাল বড় বাজার রয়েছে কোকা-কোলার। ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি ভারতে ব্যবসা করেছে ৫ হাজার কোটি রুপির। চলমান যুদ্ধের কারণে ক্রমবর্ধমান বাজারে হোঁচট খেল কোম্পানিটি।

ইএ