রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি এবং জাতিসংঘে এ সংক্রান্ত আলোচনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। এ সময় রুশ পক্ষ থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থনের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
মস্কোর পক্ষ থেকে আবারও জানানো হয়েছে, যেভাবেই হোক আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে হবে। নতুন করে হামলা বা সংঘাত শুরু হলে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটবে এবং ইরানসহ প্রতিবেশী দেশগুলোর অবকাঠামোর ব্যাপক ক্ষতি হবে। এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই শান্তি বজায় রাখতে উভয় দেশ নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছে। একই সঙ্গে সব পক্ষকে একটি গ্রহণযোগ্য সমাধানে আনতে রাশিয়া ও আমিরাত ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছে।





