ইরানের হামলার বিচার চায় আমিরাত, তথ্য সংগ্রহে কমিটি

পূর্ব আমিরাত ফুজাইরায় একটি তেল পরিশোধনাগারে আগুন জ্বলছে
পূর্ব আমিরাত ফুজাইরায় একটি তেল পরিশোধনাগারে আগুন জ্বলছে | ছবি: আল জাজিরা
0

ইরানের হামলার ক্ষয়ক্ষতি নথিভুক্ত করতে একটি জাতীয় কমিটি গঠন করেছে সংযুক্ত আরব আমিরাত। আইনি পদক্ষেপ নেয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে আজ (বৃহস্পতিবার, ৭ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। এর আগে হামলার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য তেহরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছিল আমিরাত।

উপসাগরীয় দেশটিতে ইরানের সাম্প্রতিক পাল্টা হামলায় দুবাইয়ের বিলাসবহুল ‘পাম’ প্রকল্পসহ গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী দেশ ইরান থেকে ছোড়া ২ হাজার ৮০০-এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে আমিরাত।

আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, ইরানের সামরিক পদক্ষেপ ও হামলার সব ঘটনা নথিভুক্ত এবং পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে নবগঠিত এই কমিটিকে। বিবৃতিতে বলা হয়, কমিটির সংগৃহীত তথ্য-প্রমাণ দিয়ে একটি পূর্ণাঙ্গ ফাইল তৈরি করা হবে, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আইনি লড়াইয়ে আমিরাতকে সহায়তা করবে।

আরও পড়ুন:

গত মাসে সংযুক্ত আরব আমিরাত জোর দিয়ে বলেছিল, হামলার কারণে হওয়া ক্ষয়ক্ষতির ব্যয় ইরানকেই বহন করতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার ঘটনায় কঠোর অবস্থান নেয়া প্রয়োজন। এর মধ্যে ইরানকে জবাবদিহির আওতায় আনা এবং পূর্ণ ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি নিশ্চিত করতে হবে।

চলমান এই যুদ্ধ সম্পদশালী আমিরাতকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এতে দেশটির তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে অঞ্চলটির অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত দেশটিতে এত দিন যে নিরাপদ বিনিয়োগের পরিবেশ ছিল, সেই ভাবমূর্তিও সংকটের মুখে পড়েছে।

এএম