সরকার গঠনে বিজয়ের সামনে কংগ্রেসের কঠিন শর্ত

বিজয় থালাপতি
বিজয় থালাপতি | ছবি: সংগৃহীত
0

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েও সরকার গঠন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। ২৩৪টি আসনের মধ্যে বিজয় ১০৮টি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টির ‘ম্যাজিক ফিগার’ থেকে এখনো ১০টি আসন দূরে আছেন তিনি।

এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারতীয় জাতীয় কংগ্রেসসহ কয়েকটি ছোট দলের সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছে টিভিকে। তবে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস বিজয়ের সামনে একটি বড় শর্ত জুড়ে দিয়েছে। 

কংগ্রেসের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, বিজয়ের দল যদি তাদের সমর্থন চায়, তবে বিজেপি বা বিজেপি সমর্থিত কোনো দলের সঙ্গে কোনো ধরনের জোট বা সম্পর্ক রাখা যাবে না।

আরও পড়ুন:

নির্বাচনে বিজয় নিজে দুটি আসন থেকে জয়ী হওয়ায় নিয়মানুযায়ী একটি আসন তাকে ছেড়ে দিতে হবে। সে ক্ষেত্রে তার দলের কার্যকর আসন সংখ্যা দাঁড়াবে ১০৭টি। তামিলনাড়ুতে কংগ্রেস এবার ৫টি আসনে জয় পেয়েছে। কংগ্রেস সমর্থন দিলে বিজয়ের পাশে মোট ১১২ জন বিধায়ক থাকবেন। এরপরও সরকার গঠনের জন্য আরও ৬ জন বিধায়কের সমর্থন প্রয়োজন হবে তার।

এদিকে এনডিটিভি জানিয়েছে, টিভিকের জ্যেষ্ঠ নেতারা এরইমধ্যে এআইএডিএমকে প্রধান ইদাপ্পাদি কে পালানিস্বামীর সঙ্গে তার বাসভবনে দেখা করেছেন। এআইএডিএমকে আগে বিজেপির মিত্র থাকায় কংগ্রেস বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছে। কংগ্রেসের পক্ষ থেকে সতর্ক বার্তা দেয়া হয়েছে যে, বিজেপি সংশ্লিষ্ট কারও সঙ্গে জোট করলে তারা বিজয়ের পাশে থাকবে না।

ম্যাজিক ফিগার ছুঁতে বিজয় এখন ভিসিকে, সিপিআই এবং সিপিএমের মতো দলগুলোর সঙ্গেও যোগাযোগ করছেন। বামপন্থিরাসহ এই দলগুলো সমর্থন দিলে বিজয়ের সরকার গঠন নিশ্চিত হবে। তবে তামিলনাড়ুর রাজনীতির দীর্ঘদিনের মেরুকরণ এবং কংগ্রেসের দেয়া ‘বিজেপি-মুক্ত’ জোটের শর্ত বিজয় কীভাবে মোকাবিলা করেন, সেদিকেই এখন সবার নজর।

এএম