যুদ্ধের অনুমোদনে নানা ‘অজুহাত’ খুঁজছেন ট্রাম্প; ক্ষোভ বাড়ছে কংগ্রেসে

কংগ্রেসের সামনে বক্তব্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প
কংগ্রেসের সামনে বক্তব্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মার্কিন কংগ্রেসের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন নিতে নানা ‘অজুহাতের’ আশ্রয় নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কুয়েত ও ইরাকে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডগলাস সিলিমান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। সিলিমান মনে করেন, ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ অনুযায়ী প্রেসিডেন্টের এখন কংগ্রেসের দ্বারস্থ হওয়া উচিত ছিল।

সিলিমান বলেন, ‘আইনের ব্যাখ্যা অনুযায়ী, মার্কিন বাহিনী কোনো সংঘাত শুরু করার ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্টকে তা অব্যাহত রাখতে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। কিন্তু সমস্যা হলো, এই আইনটি কখনোই পুরোপুরি কার্যকর করা হয়নি। বর্তমান প্রশাসন যুদ্ধের সময়সীমা নিয়ে নতুন ব্যাখ্যা দিয়ে দাবি করছে যে তাদের অনুমোদনের প্রয়োজন নেই।’

সাবেক এই রাষ্ট্রদূতের মতে, যতক্ষণ সম্ভব ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে এড়িয়ে যাওয়ার জন্য অজুহাত খুঁজতে থাকবে। তিনি বিশ্বাস করেন, ট্রাম্প যুদ্ধের বিষয়ে কংগ্রেসের আইনি কর্তৃত্বকে খাটো করতে চাইছেন। সিলিমান বলেন, ‘প্রেসিডেন্ট এমন কিছু করার জন্য অনুমতি চাইতে চান না যা তিনি মনে করেন নিজের ক্ষমতাতেই করতে পারেন।’

সিলিমান আরও জানান, ডোনাল্ড ট্রাম্প কমান্ডার-ইন-চিফ হিসেবে মনে করেন যে কংগ্রেসের কাছে যাওয়ার এই পুরো ধারণাটিই ‘অসাংবিধানিক’। যদিও রিপাবলিকান দলের অনেক সদস্যও প্রেসিডেন্টের এই মতের সঙ্গে একমত নন। শেষ পর্যন্ত এটি ট্রাম্পের রাজনৈতিক জয়-পরাজয়ের লড়াইয়ে রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এএম