সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে ত্রাণবহর কর্তৃপক্ষ জানায়, ইসরাইলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় অত্যন্ত সহিংস কায়দায় তাদের পথরোধ করে। সেনারা জাহাজগুলোতে উঠে পরিকল্পিতভাবে সেগুলোর ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রপাতি বিকল করে দেয়। ফলে বর্তমানে নৌযানগুলো মাঝ সমুদ্রে ‘বিদ্যুৎহীন ও ভঙ্গুর’ অবস্থায় পড়ে আছে।
বিবৃতিতে আরও বলা হয়, কয়েকটি নৌকার সঙ্গে বর্তমানে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর মধ্যে সমুদ্রে শক্তিশালী ঝড় ধেয়ে আসায় আটকা পড়া শত শত মানুষের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে।
গাজায় ইসরাইলি অবরোধ ভেঙে মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার উদ্দেশ্যে এই ফ্লোটিলা বা ছোট নৌ-বহরটি যাত্রা শুরু করেছিল। তবে পৌঁছানোর আগেই ইসরাইলি বাহিনীর বাধার মুখে পড়ে এটি এখন গভীর সংকটে।





