‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে আটক সন্দেহভাজন ব্যক্তি হোটেলেরই অতিথি ছিলেন’

সিক্রেট সার্ভিস সদস্য গুলিবিদ্ধ

ওয়াশিংটন ডিসির পুলিশ চিফ জেফরি ডব্লিউ ক্যারল
ওয়াশিংটন ডিসির পুলিশ চিফ জেফরি ডব্লিউ ক্যারল | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ (হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার) চলাকালীন আটক সন্দেহভাজন ব্যক্তি ওই হোটেলেরই একজন অতিথি ছিলেন। ওয়াশিংটন ডিসির পুলিশ চিফ জেফরি ডব্লিউ ক্যারল এ তথ্য নিশ্চিত করেছেন।এছাড়া তিনি আরও জানান এ ঘটনায় সিক্রেট সার্ভিসের একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন ও চিকিৎসাধীন রয়েছে। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তিকে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন হিসেবে শনাক্ত করা হয়েছে।
নৈশভোজ চলাকালীন ছোঁড়া একটি গুলি সেখানে দায়িত্বরত সিক্রেট সার্ভিসের একজন ইউনিফর্মধারী এজেন্টের গায়ে লাগে। ওই এজেন্ট সে সময় বডি আর্মার (বুলেটপ্রুফ জ্যাকেট) পরা ছিলেন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে, আটক বন্দুকধারী অ্যালেনকেও পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন:

ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান জেফরি ডব্লিউ ক্যারল জানান, কোল টমাস ওই হোটেলেরই অতিথি ছিলেন। তদন্তের অংশ হিসেবে তার কক্ষটি পুলিশি পাহারায় রাখা হয়েছে। একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র নিয়ে তিনি কীভাবে অনুষ্ঠানস্থলের এত কাছাকাছি পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর জবাবে ক্যারল বলেন, ‘অস্ত্রটি কীভাবে ভেতরে ঢোকানো হয়েছে, তা নিশ্চিত হতে হোটেলের সব ভিডিও ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে।’

নৈশভোজের পর আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে পুলিশ প্রধান জানান, বর্তমানে অন্য কারও ওপর হামলার ঝুঁকি নেই। তবে বাড়তি সতর্কতা হিসেবে আজ রাতে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে নৈশভোজ পরবর্তী বিভিন্ন পার্টিতে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেদিকে কড়া নজরদারি রাখা হচ্ছে।

এএম