পশ্চিমবঙ্গে প্রথম দফার প্রচার শেষ, ভোট ২৩ এপ্রিল

পশ্চিমবঙ্গের দোকানে বিধানসভা নির্বাচনের অংশ নেয়া পার্টির পতাকা সাজানো
পশ্চিমবঙ্গের দোকানে বিধানসভা নির্বাচনের অংশ নেয়া পার্টির পতাকা সাজানো | ছবি: সংগৃহীত
0

আজ থেকে শেষ হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার লড়াইয়ের প্রচার। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে নির্বাচনের প্রথম দফায় ভোট। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গত কয়েক সপ্তাহ ধরে এই আসনগুলিতে যেমন প্রতিটি দলের প্রার্থীরা জনসংযোগ করেছেন, তেমনি প্রার্থীদের সমর্থনে প্রচারণায় অংশ নিয়েছিলেন জনপ্রিয় তারকারাও।

পশ্চিমবঙ্গের নির্বাচনি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই শুরু হচ্ছে ২৩ এপ্রিল। প্রথম দফার এই লড়াইয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারের হাল ধরেছিলেন স্বয়ং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং টলিউডের তারকা দেব, কোয়েল মল্লিক, শতাব্দী রায়রা । পিছিয়ে ছিল না বিজেপিও; প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথরা দিল্লি থেকে উড়ে এসে চষে ফেলেছেন প্রতিটি আসন।

প্রথম দফায় ভাগ্য নির্ধারণ হবে ১৪৭৮ জন প্রার্থীর। উল্লেখযোগ্য প্রার্থীদের তালিকায় রয়েছেন তৃণমূলের উদায়ন গুহ, মানস ভূঁইয়া এবং মলয় ঘটক। অন্যদিকে বিজেপির হয়ে লড়াই করছেন হেভিওয়েট শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং নিশীথ প্রামাণিক। বাম-কংগ্রেস জোটে থাকছেন অধীর রঞ্জন চৌধুরী ও মৌসম বেনজির নুরের মতো পরিচিত মুখ। লড়াই মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে হলেও, নজরে রয়েছে আইএসএফ ও আম জনতা উন্নয়ন পার্টিও।

আরও পড়ুন:

ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কমিশন। মোতায়েন করা হচ্ছে ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে এবারের বড় আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার। বুথে অতিরিক্ত জমায়েত বা সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করলেই মুহূর্তের মধ্যে এআই সিগন্যাল পাঠাবে কন্ট্রোল রুমে। ২ হাজার ১৯৩টি কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকছে যেকোনো বিশৃঙ্খলা দমনে।

গণতন্ত্রের উৎসবে শামিল হতে ফিরছেন পরিযায়ী শ্রমিকরাও। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা মালদা স্টেশনে নেমে জানিয়েছেন, শুধু ভোট দেয়ার অধিকার প্রয়োগ করতেই তারা ঘরের পথে।

২০২১-এর নির্বাচনে ২১৫ আসন নিয়ে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজেপি জিতেছিল ৭৭টিতে। এ দফায় রাজ্যটির উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ১৬ জেলার মোট ১৫২ আসনে ভোট নেয়া হবে।

এএম