Recent event

জেন-জি বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি | ছবি: রয়টার্স
0

জেন-জিদের আন্দোলন ও বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। টানা দুইদিনের বিক্ষোভের মুখে পদ থেকে সরে গেলেন তিনি। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন।

পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী ওলি লিখেছেন, সাংবিধানিক পথে সংকটের সমাধানের পথ তৈরির জন্য তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীসহ সারা দেশে সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনাগুলো আমাকে দুঃখিত করেছে। কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থে ভালো নয়। শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক সমাধানই এখন প্রয়োজন।’

এর আগে দেশটির সেনাবাহিনী প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানায়। এদিকে গুরুতর পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত শঙ্কার কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় দুপুরের পর থেকে আন্তর্জাতিক ও দেশিয় ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

এর আগে (সোমবার, ৮ সেপ্টেম্বর) নেপালের সংসদ ভবনে প্রবেশের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভরত তরুণদের সংঘর্ষ হয়। এতে ১৯ জন নিহত এবং শতাধিকের বেশি আহত হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটির সরকার।

এএইচ