Recent event

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ১০০, আহত চার শতাধিক

0

লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এতে সেখানে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন এবং চারশোর বেশি মানুষ আহত হয়েছেন।

আজ (সোমবার, ২৩ সেপ্টেম্বর) নতুন এ হামলায় লেবাননে হতাহতের এ ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১০০ জন নিহত ও আরও ৪০০ জনের বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী, শিশু ও মেডিক্যাল কর্মীরাও রয়েছেন।

এক বিবৃতিতে লেবাননের সরকারি জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় নারী, শিশু, প্যারামেডিকস-সহ চার শতাধিক মানুষ আহত হয়েছেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনায় হামলা চালানো হয়েছে।

সোমবার সকালের পরপরই লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর ৩ শতাধিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ‘লেবাননে হামলা আরও তীব্র করা হচ্ছে। হাজার হাজার বাস্তুচ্যুত ইসরায়েলিকে উত্তরে ফেরানোর জন্য আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ হামলা চলবে।’

গত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকি-টকিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এই ঘটনায় লেবাননে ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে; যাদের মধ্যে হিজবুল্লাহর অন্তত ১৬ সদস্য রয়েছেন। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করছে হিজবুল্লাহ।—রয়টার্স ও আল জাজিরা

এএইচ