টিকটকের চীনা মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের জন্য এ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। মূলত গত জানুয়ারিতে ডাটা সুরক্ষা সংক্রান্ত উদ্বেগের মধ্যেও যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়া থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি। একই সময়ে ইউরোপীয় দেশগুলো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর আসক্তিমূলক অ্যালগরিদম থেকে শিশুদের সুরক্ষায় চাপ বৃদ্ধি করে চলেছে।
টিকটক জানিয়েছে, ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর লাহতিতে এ নতুন ডাটা সেন্টারটি নির্মাণ করা হবে। এর প্রাথমিক সক্ষমতা হবে ৫০ মেগাওয়াট, যা পরবর্তীতে ১২৮ মেগাওয়াট পর্যন্ত উন্নীত করার সম্ভাবনা রয়েছে।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে টিকটক জানায়, এ বিনিয়োগ তাদের ১২০০ কোটি ইউরোর ‘ইউরোপীয় ডাটা সভেরেইনটি উদ্যোগে’র একটি অংশ। এর লক্ষ্য হলো ২০০ মিলিয়নেরও বেশি ইউরোপীয় ব্যবহারকারীর তথ্যের জন্য উন্নত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।





