পেপ্যাল কেনার আলোচনায় স্ট্রাইপ

পেপ্যাল
পেপ্যাল | ছবি: সংগৃহীত
0

বিশ্বখ্যাত অনলাইন পেমেন্ট সিস্টেম ‘পেপ্যাল’ কিনে নেয়ার জন্য আলোচনা চালাচ্ছে আরেক জায়ান্ট ‘স্ট্রাইপ’ এবং প্রাইভেট ইকুইটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘অ্যাডভেন্ট ইন্টারন্যাশনাল’। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর এনগ্যাজেটের।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত জুলাই মাসে পেপ্যাল কেনার জন্য শেয়ারপ্রতি ৬০.৫০ ডলার দরপ্রস্তাব করে প্রতিষ্ঠান দুটি। এতে পেপ্যালের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৫ হাজার ৩০০ কোটি (৫৩ বিলিয়ন) মার্কিন ডলার। তবে এ দামে পেপ্যাল বিক্রিতে রাজি হয়নি কর্তৃপক্ষ।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, প্রস্তাব দেয়ার সময় পেপ্যালের শেয়ার দর এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল এবং কোম্পানির বাজারমূল্য ছিল প্রায় ৪ হাজার কোটি ডলার। অথচ করোনা মহামারির সময় তুঙ্গে থাকা অবস্থায় পেপ্যালের সর্বোচ্চ বাজারমূল্য এর চেয়ে প্রায় ৩২ হাজার কোটি (৩২০ বিলিয়ন) ডলার বেশি ছিল।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি আলোচনা যেকোনো সময় ভেস্তে যেতে পারে। তবে সূত্র জানিয়েছে, উভয় পক্ষই এখন শেয়ারের দাম বাড়ানোর বিষয়ে আলোচনা করছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এ চুক্তির ঘোষণা আসতে পারে।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি চূড়ান্ত হলে স্ট্রাইপ ও অ্যাডভেন্ট যৌথভাবে সমপরিমাণ শেয়ারের মালিক হবে। পেপ্যালকে ভেঙে আলাদা করার কোনো পরিকল্পনা তাদের নেই। এ অধিগ্রহণ সফল হলে স্ট্রাইপ বিশ্বজুড়ে অনলাইন পেমেন্ট খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হবে, যা বার্ষিক প্রায় ৩.৭ ট্রিলিয়ন ডলার সমপরিমাণ লেনদেন প্রসেস করবে।

গত মার্চে পেপ্যালের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব নেন এনরিক লরেস। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রতিষ্ঠানটিকে ঘুরিয়ে দাঁড় করানোর চেষ্টা করছেন। তিনি পেপ্যালের সামগ্রিক ব্যবসাকে তিনটি ভাগে বিভক্ত করেছেন—চেকআউট সেবা, ভেনমো এবং পেপ্যাল পেমেন্টস ও ক্রিপ্টো সার্ভিস।

স্ট্রাইপের এই অধিগ্রহণের ফলে পেপ্যালের এই নতুন সাংগঠনিক কাঠামোতে কী ধরনের পরিবর্তন আসবে তা এখনো স্পষ্ট নয়। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, এই যুক্ততার ফলে আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক ভিসা ও মাস্টারকার্ডের ওপর স্ট্রাইপের নির্ভরতা অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে ভেনমো, পেপ্যালের জনপ্রিয় চেকআউট ফিচার এবং ক্রিপ্টোকারেন্সি সেবাগুলো নিজেদের প্ল্যাটফর্মে একীভূত করার বড় সুযোগ পাবে স্ট্রাইপ।

এএইচ