বিশ্ব এআই সহযোগিতা সংস্থা ওয়াইকোর পর্যবেক্ষক হলো বাংলাদেশ

বিশ্ব এআই সহযোগিতা সংস্থা ওয়াইকোর সভা
বিশ্ব এআই সহযোগিতা সংস্থা ওয়াইকোর সভা | ছবি: সংগৃহীত
0

কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নতুন গঠিত আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন’ (ওয়াইকো)-এ প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শনিবার, ১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতেই চীনের সাংহাইভিত্তিক এ সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বছরের ১৬ জুলাই এ আন্তঃসরকার সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এআই উদ্ভাবনে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা এবং তথ্যপ্রযুক্তির বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে চায় ওয়াইকো। একইসঙ্গে এআই প্রযুক্তির বিকাশে একটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করা এর লক্ষ্য। সংস্থাটি এমন নিয়মকানুনকে উৎসাহিত করে, যা মানবজাতির জন্য এআই প্রযুক্তিকে নিরাপদ ও কল্যাণকর রাখবে।

সংস্থাটির লক্ষ্য এআই খাতে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক সুশাসন আরও জোরদার করা, যাতে সবার কল্যাণে এ প্রযুক্তির সুস্থ, সুশৃঙ্খল ও ন্যায্য বিকাশ নিশ্চিত করা যায়।

গত ১৬ জুলাই সাংহাইয়ে ২৯টি দেশের প্রতিনিধিদের প্রতিষ্ঠাকালীন চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওয়াইকো প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, কাজাখস্তান, লাওস, পাকিস্তান, রাশিয়া ও ইন্দোনেশিয়া।

প্রতিষ্ঠাকালীন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিমালা মেনে চলবে ওয়াইকো। একইসঙ্গে ব্যাপক পরামর্শ, যৌথ অবদান ও অভিন্ন সুবিধার নীতি অনুসরণ করে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা এগিয়ে নিতে জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে।—বাসস

এএইচ