যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বাংলাদেশি বিমান, রওনা হয়েছে প্রকৌশলী দল

রোমে আটকে থাকা বাংলাদেশি বিমান
রোমে আটকে থাকা বাংলাদেশি বিমান | ছবি: সংগৃহীত
0

প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিমানবন্দরে ৩৩ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের বিজি ৩০৬ বিমান। এতে ভোগান্তিতে পড়েছেন ফ্লাইটটির ২৫৯ জন যাত্রী। তবে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি সারাতে ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে প্রকৌশলীদের একটি দল রোমের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

শনিবার (৮ আগস্ট) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে বিমানটির সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

রাজধানীর একটি হোটেলে ট্রাভেল অ্যান্ড টুরিজম ডেভেলপমেন্ট সেন্টারের অনুষ্ঠান শেষে এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, টেকনিক্যাল টিমের কাজ শেষ হলে আগামীকালের মধ্যে ফ্লাইটটি বাংলাদেশে এসে পৌঁছাবে।

এছাড়াও তিনি জানান, রোমের বিমানবন্দরের সঙ্গে যাদের বিমান বাংলাদেশের চুক্তি আছে তারা সমস্যা সমাধান করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ থেকে টেকনিক্যাল টিম রোমে পাঠাতে হয়েছে।

জানা গেছে, ইতালির স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য রোমে অবতরণ করে ড্রিমলাইনার উড়োজাহাজটি। এরপরই প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। তখন থেকে সমস্যা সমাধানের চেষ্টা চালানো হলেও টরন্টো–ঢাকা রুটের ফ্লাইটটি রোম ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকে প্রায় ৮ ঘণ্টা। অবশেষে গ্রাউন্ডেড ঘোষণা দিয়ে টার্মিনালে নেয়া হয় যাত্রীদের।

ইএ