মালয়েশিয়ায় ইমিগ্রেশন বন্দি শিবিরে বাড়ছে আটক বিদেশির সংখ্যা, আছে বাংলাদেশিরাও

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বন্দি শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে প্রবাসীদের
মালয়েশিয়ায় ইমিগ্রেশন বন্দি শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে প্রবাসীদের | ছবি: এখন টিভি
0

মালয়েশিয়ায় প্রতিনিয়ত বাড়ছে ইমিগ্রেশন বন্দি শিবিরে আটক বিদেশি নাগরিকদের সংখ্যা। বর্তমানে আটক ২০ হাজারের বেশি বিদেশি বন্দিকে রাখতে প্রতিদিন সরকারের ব্যয় হচ্ছে ১৮ লাখ ৭০ হাজার রিঙ্গিত বা প্রায় ৬ কোটি টাকা। আটকদের মধ্যে রয়েছে বাংলাদেশিরাও। মালয়েশিয়ায় বসবাসরত বিদেশি নাগরিকদের তালিকায় বাংলাদেশ শীর্ষে থাকলেও বন্দি শিবিরে আটকদের হিসাবে তাদের অবস্থান চতুর্থ।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত দেশজুড়ে ইমিগ্রেশন বন্দি শিবিরে আটক আছেন ২০ হাজার ৭৭৫ বিদেশি নাগরিক। আটক প্রত্যেক বিদেশির পেছনে দৈনিক ব্যয় প্রায় ৯০ রিঙ্গিত।

সেই হিসাবে প্রতিদিন প্রায় ১৮ লাখ ৭০ হাজার রিঙ্গিত খরচ হচ্ছে মালয়েশিয়া সরকারের। আটক বিদেশিদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে পরিচয় যাচাই এবং ভ্রমণ নথি ইস্যুতে বিলম্ব হওয়ায় অনেক ক্ষেত্রে দেশে ফেরত পাঠাতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক।

আরও পড়ুন:

বৈধ-অবৈধ মিলিয়ে মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে হলেও বন্দী শিবিরে আটকদের বিচারে চতুর্থ স্থানে বাংলাদেশিরা। বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র বলছে, বর্তমানে আটক বাংলাদেশির সংখ্যা প্রায় ৩৭০।

এদিকে প্রায় প্রতি সপ্তাহেই কেনো না কোনো বন্দি শিবির পরিদর্শনে যাচ্ছে হাইকমিশনের প্রতিনিধিদল। পাসপোর্ট নেই বা মেয়াদ উত্তীর্ণ এমন বন্দিদের বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ার পর টিপি বা ট্রাভেল পারমিট ইস্যু করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। টিকিট প্রদানে অক্ষম প্রবাসীদের রাষ্ট্রীয় খরচে দ্রুত প্রত্যাবাসনের উদ্যোগ নিতে বলছেন প্রবাসী বাংলাদেশিরা।

এসএইচ