মাতৃভূমি থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও বাংলা ভাষা ও সাহিত্যকে বুকে ধারণ করে আছেন বহু অভিবাসী। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা সাহিত্যচর্চায় রেখে চলেছেন নিজের স্বাক্ষর। কবিতা, গল্প, উপন্যাস, স্মৃতিকথা কিংবা গবেষণাধর্মী লেখায় উঠে আসছে প্রবাস জীবনের অভিজ্ঞতা, নস্টালজিয়া আর দেশের প্রতি ভালোবাসা।
কবি ও লেখক সৈয়দ আনোয়ার রেজা বলেন, ‘আগামী প্রজন্মের কাছে আমরা আমাদের শিল্প, সৃষ্টিকর্মকে তুলে ধরতে সক্ষম হবো।’
লোক নৃত্যশিল্পী সুমাইয়া ইমাম সুচিতা বলেন, ‘গান, ছবি আঁকা, নাচ যেভাবেই হোক আমরা চেষ্টা করি বাংলা সংস্কৃতিকে তুলে ধরার।’
দেড় কোটির বেশি বাংলাদেশি এখন বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। তাদের একটি অংশ নিয়মিত সাহিত্যচর্চা করছেন এবং প্রতিবছর অমর একুশে বইমেলা ঘিরে প্রকাশ করেন নতুন বই।
আরও পড়ুন:
লেখক ও সিনিয়র সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন বলেন, ‘বাংলা ভাষার বই, লেখা দিয়ে বাংলাভাষীরা তাদের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।’
প্রকাশকরা বলছেন, বাংলাদেশের বইমেলায় প্রবাসী লেখকদের বইয়ের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। এখন দরকার অনুবাদে জোর দেয়া।
লেখক ও প্রকাশক মোরশেদ আলম হৃদয় বলেন, ‘বিভিন্ন ভাষার সাহিত্যগুলো বাংলা ভাষায় অনুবাদ করে ছড়িয়ে দিতে পারলে, আমাদের শিল্প আরও সমৃদ্ধ হবে।’
বাংলা ভাষাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে সহায়ক বিদেশে অবস্থান করা লেখকরা। একইসঙ্গে নতুন প্রজন্মের কাছে বাংলা ও সাহিত্যকে পৌঁছে দেয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তাদের ভূমিকা।





