ঠাকুরগাঁওয়ে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও সদর হাসপাতাল
ঠাকুরগাঁও সদর হাসপাতাল | ছবি: এখন টিভি
0

ঠাকুরগাঁওয়ে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারানুন (৫) নামের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইফতে খায়রুল ইসলাম।

মারা যাওয়া শিশু তারানুন রাণীশংকৈল উপজেলার মরিচাগাঁও গ্রামের আব্দুল হালিমের মেয়ে।

হাসপাতালের তথ্য মতে, গত ২০ মে হামজনিত উপসর্গ নিয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় ওই শিশুকে। এরপর ২২মে আইসোলেশনে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইফতে খায়রুল ইসলাম বলেন, ‘শিশুটি’র আগেও একবার হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো। সুস্থ হয়ে তারা ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছিলো। হঠাৎ আবারও উপসর্গ নিয়ে ভর্তি হয়। আমরা তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছিলাম। এরপর আজকে হাম নিশ্চিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, চিকিৎসা কোনো কমতি রাখা হয়নি।’

হাসপাতালের দেয়া হামের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জন নতুন করে ভর্তি হয়েছে। এ নিয়ে ১১০ জন হামের বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ১২৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৮ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।

জেআর