বাংলার ছয় ঋতুর মধ্যে বর্ষা সবচেয়ে আবেগময় ও প্রাণময় ঋতু। আষাঢ়ের প্রথম দিনের সঙ্গে শুরু হয় প্রকৃতির এক নতুন অধ্যায়। মেঘে ঢাকা আকাশ, টুপটাপ বৃষ্টি, ভেজা মাটির গন্ধ আর কদম ফুলের সুবাসে চারপাশ হয়ে ওঠে সজীব ও মনোমুগ্ধকর। মাঠে-ঘাটে ফেরে প্রাণ, কৃষকের মনে জাগে নতুন আশার আলো।
শুধু প্রকৃতিতেই নয়, বর্ষা বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও জীবনযাপনের সঙ্গে গভীরভাবে মিশে আছে। তাই বর্ষার আগমন মানেই প্রকৃতির রূপবদলের পাশাপাশি অনুভূতি ও সৌন্দর্যের এক চিরন্তন উৎসব।
আরও পড়ুন:
বর্ষার রূপ যেন ক্ষণে ক্ষণে বদলে যায়। কখনো বৃষ্টি, কখনো মেঘ-রোদের লুকোচুরি—প্রকৃতির এ পরিবর্তন মানুষের মনকেও করে তোলে কাব্যময়। গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত প্রকৃতি বর্ষার ছোঁয়ায় ফিরে পায় নতুন প্রাণ, চারদিকে ছড়িয়ে পড়ে সবুজের সমারোহ।
ভেজা মাটির সোঁদা গন্ধ, বৃষ্টিধোয়া প্রকৃতি আর জলের ছন্দে জেগে ওঠে অনুভূতির নানা রং। তাই বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বর্ষা কখনো প্রেমের, কখনো বিরহের, আবার কখনো নতুন আশার প্রতীক হয়ে চিরকাল স্থান করে নিয়েছে।




