টানা অতিবৃষ্টি ও উজানের ঢলে জেলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর বোরো ধানী জমি পানির নিচে চলে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২১ হাজার কৃষক।
গতকাল দিনভর আবহাওয়া ভালো থাকায় কিছুটা স্বস্তি ফিরে পেয়েছিলেন কৃষকরা। অনেকেই মাঠে নেমে ধান কাটা ও শুকানোর কাজ শুরু করেছিলেন। তবে আজ সকাল থেকে আবারও মাঝারি বৃষ্টিতে থমকে গেছে সেই কার্যক্রম।
আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের মধ্যে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
আরও পড়ুন:
এদিকে জেলার বিভিন্ন নদ-নদীর পানিও বাড়ছে। বিশেষ করে ইটনার ধনু ও বৌলাই এবং অষ্টগ্রামের কালনি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো এসব নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মাঠে পানি জমে থাকায় অনেক জায়গায় কৃষকদের ডিঙ্গি নৌকা কিংবা বুকপানি পেরিয়ে ধান কাটতে হচ্ছে। অন্যদিকে, ধান শুকানোর খলাগুলোতেও পানি জমে থাকায় মাড়াই ও সংরক্ষণেও দেখা দিয়েছে চরম ভোগান্তি।
কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব মিলিয়ে, আবহাওয়ার এমন অস্থিরতায় হাওরের কৃষকদের স্বস্তি ফিরলেও তা স্থায়ী হচ্ছে না।




