বসন্তের শেষভাগে এসে এ বৃষ্টি নগরবাসীর মধ্যে ভ্যাপসা গরম থেকে প্রশান্তি নিয়ে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাতই আকাশ অন্ধকার হয়ে ধূলিঝড় শুরু হয়।
বাতাসের গতিবেগ বাড়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল বৃষ্টি। হঠাৎ আসা এই ঝড়ে ঘরমুখো মানুষকে কিছুটা বিপাকে পড়তে হয়। রাস্তাঘাটে চলাচলকারী পথচারী ও যানবাহনকে বিভিন্ন স্থাপনার নিচে আশ্রয় নিতে দেখা যায়। তবে দিনের তপ্ত রোদের পর এ বৃষ্টি জনজীবনে স্বস্তিই বয়ে এনেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। প্রাক-মৌসুমি এই সময়ে সাধারণত দিনের তাপমাত্রা বেশি থাকে, যার প্রভাবে প্রবল বাতাস, বজ্রপাত ও স্বল্প সময়ের ভারী বৃষ্টিসহ কালবৈশাখী দেখা দেয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ নিম্নোক্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বেশি বৃষ্টি এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।





