কক্সবাজারে ২৪ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত, বহাল ৩ নম্বর সতর্কতা সংকেত

কক্সবাজার সৈকত
কক্সবাজার সৈকত | ছবি : এখন টিভি
0

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টির পর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও সকাল ৯টার পর থেকে আবারও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিনও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। সমুদ্রের ঢেউ স্বাভাবিকের তুলনায় বেশি উচ্চতায় আছড়ে পড়ছে। বৈরী আবহাওয়ার কারণে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

আরও পড়ুন:

সকালের দিকে বৃষ্টি কম থাকায় শহরের কয়েকটি নিচু এলাকায় জমে থাকা পানি কিছুটা নেমে গেলেও নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় জলাবদ্ধতার আশঙ্কা আবারও দেখা দিয়েছে। আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রয়োজনে পরবর্তী সতর্কতা জারি করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় জেলা প্রশাসক মো. আ মান্নান জানান, কক্সবাজার জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের মাঠপর্যায়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

এফএস