Recent event

এসেছি, কাজ শুরু করি ; তারপর কথা বলা যাবে: গভর্নর মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান | ছবি: সংগৃহীত
0

কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে চান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। প্রথম কর্মদিবসের শুরুতে তিনি বলেন, এসেছি, কাজ শুরু করি তারপর কথা বলা যাবে।

দেশের ১৪তম গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই তিনি স্পষ্ট করেন, আপাতত কথা নয়, অগ্রাধিকার থাকবে কাজ।

আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময়ে তিনি এ কথা বলেন। নতুন গভর্নরকে অভ্যর্থনা জানান ডেপুটি গভর্নর ও কর্মকর্তারা।

আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে গভর্নর অর্থ মন্ত্রণালয়ে যান, সেখানে কার্যক্রম শেষ করে তিনি কেন্দ্রীয় ব্যাংকে আসেন৷

এর আগে গতকাল (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) বিকেলে ৪ বছরের জন্য তা‌কে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হি‌সে‌বে নি‌য়োগ দেয় সরকার। তিনি বিদায়ি গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন:

রাষ্ট্রপ‌তির আদে‌শে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ তা‌কে নি‌য়োগ দি‌য়ে প্রজ্ঞাপন জা‌রি ক‌রে‌। একইসঙ্গে সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

নতুন গভর্নর মোস্তাকুর রহমানের জন্ম ১৯৬৬ সালে ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ ডিগ্রি লাভ করেন।

মোস্তাকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ২৩তম সদস্য ছিলেন।

পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সদস্য মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। হেরা সোয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশবান্ধব কারখানা।

এএম