শুটিংয়ে পানিতে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

রাহুল অরুণোদয়
রাহুল অরুণোদয় | ছবি: সংগৃহীত
2

না ফেরার দেশে বাংলা ছবির অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবির শুটিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন টালিগঞ্জের সিনেমা এবং সিরিয়ালের জনপ্রিয় এ তারকা। আজ (রোববার, ২৯ মার্চ) দিঘা সংলগ্ন ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে এ দুর্ঘটনা ঘটে। এদিন বিকেলের দিকে সমুদ্রে নামার পরই সেখানে তলিয়ে যান রাহুল।

পরে ইউনিটের টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে। সেখান থেকে সন্ধ্যা ছ'টা নাগাদ স্থানীয় দিঘা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৪৩ বছর।

জানা গেছে শুটিংয়ের পর সমুদ্রে নামেন রাহুল। কিন্তু পানিতে নামার পর হঠাৎ করে একটি ঢেউ আসে তাতেই তলিয়ে যান তিনি। সে অবস্থায় বেশ কিছুটা সময় পানির তলাতেই ছিলেন। পরে টেকনিশিয়ানরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে সেখানে গিয়েছিলেন রাহুল। এ ধারাবাহিকে তার অভিনীত চরিত্রটি যথেষ্ট সুনাম কুড়িয়েছে। রাহুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া চলচ্চিত্র জগতে।

চিত্র পরিচালক গৌতম ঘোষ বলেন, ‘এটাকে দুর্ঘটনাই বলা যায়। তিনি খুবই উজ্জ্বল, বুদ্ধিমান। বহুদিন ধরে কাজ করেছিল কিন্তু এরকম একটা দুর্ঘটনা ভাবাই যায় না। আমি আর কি বলব? তার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সকলের প্রতি সমবেদনা রইল। আমার মনে হয় সাধারণ মানুষের স্মৃতিতে রাহুল অনেকদিন বেঁচে থাকবে।’

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। বাবার সঙ্গে রাজ দর্শন নামে একটি নাটকের মধ্যে দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন। এরপর থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।

‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে বড় পর্দার জার্নি শুরু করেছিলেন রাহুল। ওই ছবিতে তার নায়িকা ছিলেন প্রিয়াংকা সরকার। পরে সেই প্রিয়াঙ্কার সাথে প্রেম ও বিয়ে। তাদের এক পুত্র সন্তানও রয়েছে।

এএইচ