Recent event

টাকা বিতরণের অভিযোগ: মুরাদনগরে জামায়াত নেতা, চৌদ্দগ্রামে বিএনপি কর্মী আটক

আটক ২ বিএনপি ও জামায়াত নেতা
আটক ২ বিএনপি ও জামায়াত নেতা | ছবি: সংগৃহীত
1

কুমিল্লার মুরাদনগরে ভোট কেনার অভিযোগে টাকাসহ এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। একইভাবে চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় দুই বিএনপি কর্মীকে আটক করা হয়। দুই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তদন্তে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামত কান্দি এলাকায় ভোট কেনার অভিযোগে টাকাসহ জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালীকে আটক করে স্থানীয়রা প্রশাসনের কাছে সোপর্দ করেন।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান জানান, স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার, ভূমি) তাকে থানা হেফাজতে নেয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক উপস্থিত থেকে আটক করেননি। তাই বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হবে।’

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল বলেন, ‘প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’ বর্তমানে আটক জামায়াত নেতা পুলিশ হেফাজতে রয়েছেন।

অন্যদিকে, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের গুণবতী ইউনিয়নে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের অভিযোগে আবদুল মান্নান ও ফকির মেম্বার নামে দুই বিএনপি কর্মীকে স্থানীয়রা আটক করেন। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুন:

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের পায়নি। বিষয়টি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিকে জানানো হয়েছে, তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন।’

জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির প্রক্রিয়া চলছিল। তবে প্রশাসন বিষয়টি জানার পর সহকারী রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগ গ্রহণের পর সেখানে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।

এএম