শেরপুরে কালোবাজারে সার বিক্রির অভিযোগ; ১৫ ডিলারকে জেলে প্রেরণ

শেরপুরের আদালত প্রাঙ্গন
শেরপুরের আদালত প্রাঙ্গন | ছবি: এখন টিভি
0

শেরপুরে সরকারি বরাদ্দের ১৪ কোটি টাকার বিভিন্ন সার কালোবাজারে বিক্রির অভিযোগের মামলায় সদর উপজেলার ১৫ ডিলারকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা ও দায়রা জজ আদালতে ওই মামলার ১৬ জন আসামি হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, শেরপুর সদরের এক কৃষি কর্মকর্তার মামলায় আজ দুপুরে ১৬ জন সার ডিলার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এরপর মামলার তথ্য পর্যালোচনা করে আদালত সদরের ১৫ সার ডিলারকে জেলা কারাগারে পাঠানের নির্দেশ দেয়। এদের মধ্যে এক ডিলারের উচ্চ আদালতে জামিনের মেয়াদ থাকায় পরবর্তী শুনানির দিন ধার্য করে তাকে জামিন দেয়া।

জেল হাজতে প্রেরণ করা আসামিরা হলেন- সুফিয়া বেগম, মো. রফিকুল ইসলাম, সুবর্ণা সাহা রায়, মরিয়ম আক্তার মুন্নি, মো. ফরহাদ আলী, তাপস নন্দী, সিরাজুল ইসলাম, ছামিদুল ইসলাম ফারাজী, বোরহান উদ্দিন, মাজাহারুল ইসলাম, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান মনির, প্রশান্ত সাহা, মো. রতন মিয়া এবং মো. বাদশা মিয়া।

মামলা সূত্রে জানা যায়, গত জুন মাসে শেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন পরিদর্শনের সময় বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এসময় সংশ্লিষ্ট ডিলারদের সার বিক্রির রেজিস্টার ও ক্যাশ মেমো জব্দ করে যাচাই-বাছাই করলে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে গত ২২ জুলাই তিনি বাদী হয়ে সদরের ২০ সার ডিলারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. আব্দুল মান্নান বলেন, ‘আসামিদের মধ্যে ১৫ জন উচ্চ আদালতের আদেশ অমান্য করায় তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের জামিনের সময় থাকায় তাকে জামিন দেয় আদালত। মামলার অন্য আসামিরা আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে আছেন।’


এফএস