শাহজালাল বিমানবন্দরে প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকার স্বর্ণালংকারসহ আটক ৩

স্বর্ণালংকারসহ আটক ৩ ব্যক্তি
স্বর্ণালংকারসহ আটক ৩ ব্যক্তি | ছবি: সংগৃহীত
0

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকারসহ মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩) নামে তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিমানবন্দরের গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই এলাকায় আটক ব্যক্তিদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সুকৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদের আটক করে।

এপিবিএন জানায়, আটক ব্যক্তিদের শরীর তল্লাশি করে তাদের কাছ থেকে সর্বমোট ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো ২১ ও ২২ ক্যারেটের। এগুলোর আনুমানিক বাজারমূল্য সর্বমোট ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।

আরও পড়ুন:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশে বাংলাদেশে আনা হয়েছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানা যায়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অদ্য আজ বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, ‘বিমানবন্দর এলাকায় আমরা নিরাপত্তায় আপসহীন, অপরাধ দমনে অঙ্গীকারবদ্ধ। চোরাচালান প্রতিরোধ ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ও তৎপর ভূমিকা পালন করছে।’

এছাড়া স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর এবং বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসএইচ