আজ (বুধবার, ২২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ডেসকোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এ কে এম নাজিমুল ইসলাম, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। এসময় বস্তির বিভিন্ন মাদক স্পট ও অপরাধপ্রবণ এলাকায় থাকা অবৈধ বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আরও পড়ুন:
অভিযান শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, ‘হাজীর মাজার বস্তির মতো এত বড় পরিসরে প্রকাশ্যে মাদক সেবনের চিত্র দেশের আর কোথাও দেখা যায় না। দীর্ঘদিন ধরেই এটি পুলিশের জন্য বড় উদ্বেগের বিষয়। নিয়মিত অভিযান পরিচালনা করেও মাদক সেবন ও বিক্রি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিলো না।’
তিনি বলেন, ‘এ কারণে প্রথাগত অভিযানের পাশাপাশি মাদক কারবার পরিচালনায় ব্যবহৃত অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের সমন্বিত অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’
পুলিশের দাবি, অবৈধ ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করা গেলে মাদক ব্যবসায়ীদের কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়বে এবং এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।





