গতকাল (মঙ্গলবার, ২১ জুলাই) রাতে উপজেলার রুলি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক শান্ত রহমান উপজেলার যাদবপুর গ্রামের মশিউর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত সংলগ্ন রুলি গ্রামে নিষিদ্ধ মাদকের এক বিশাল চালান বেচাকেনা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শান্ত রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৫৫০ বোতল নিষিদ্ধ ‘ফেয়ারডিল’ সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উদ্ধার করা সিরাপগুলো ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।





