পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৪ জুন) সকালে রূপসদী বাজারে বিক্রির জন্য একটি ছাগল নিয়ে আসেন চাঁন বাদশা। এ সময় ছাগলের ওজন বাড়ানোর জন্য পাইপ দিয়ে পানি খাওয়াতে থাকেন তিনি। এ ঘটনায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে- চাঁন বাদশা তার দুই পায়ের মাঝখানে ছাগলটির মুখ চেপে ধরে আছেন। আরেকজন পাইপের মধ্যে পানি ঢালছেন।
এদিকে, ফেসবুকে ভিডিও ছড়ানোর পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত চাঁন বাদশা। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
তবে অভিযুক্ত চাঁন বাদশার ভাতিজা রাদেন জানান, গ্রাম থেকে ছাগল কিনে নিয়ে বাজারে বিক্রি করেন তার চাচা চাঁন বাদশা। মূলত কেনার পর মালিক বদলের কারণে ছাগল খাবার খেতে চায় না। এজন্য ছাগলকে রোগাক্রান্ত মনে হয়। যার কারণে পানি খাইয়ে মোটাতাজা করা হয় বলে জানান তিনি। তবে ওইদিন ভিডিওর কারণে আর ছাগলটি বিক্রি করা যায়নি। ছাগলটি বাড়িতেই আছে বলেও জানান তিনি।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম জানান, অভিযুক্ত চাঁন বাদশাকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, ছাগলের মালিককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।





