যশোরে গৃহবধূকে হত্যার পর স্বামীর আত্মহত্যাচেষ্টা

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর | ছবি: এখন টিভি
1

যশোরে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে ছামিনা আক্তার (২০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তার স্বামী সুজন (২৬) নিজ শরীরেও ছুরিকাঘাত করে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ (সোমবার, ৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে যশোর শহরের শেখহাটি তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছামিনা তরফ নওয়াপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী সুজন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গয়হাটা ইউনিয়নের শান্তিনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে তারা যশোর কোতয়ালী মডেল থানার শেখহাটি তালতলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, নেশার জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রী ছামিনা আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন:

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত সুজন নিজ শরীরেও ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, নিহত ছামিনা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসএইচ