টেকনাফে সোয়া কোটি টাকার ইয়াবাসহ আটক ৪

শাহনুর শাকিব
কক্সবাজার
আটক হওয়া ব্যক্তিরা
আটক হওয়া ব্যক্তিরা | ছবি: সংগৃহীত
0

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে টেকনাফ থানার সাবরাং সংলগ্ন নাফ নদী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

এসময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত চারজন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকাটিও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন:

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা, নৌকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

এসএস