ভোলায় যৌথবাহিনীর অভিযান: দুই দিনে আটক ৪, জব্দ তিন ট্রলার

কোস্টগার্ড হেফাজতে আটকরা
কোস্টগার্ড হেফাজতে আটকরা | ছবি: এখন টিভি
0

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নৌপথে নিরাপত্তা নিশ্চিতে ভোলার ইলিশা-মেঘনা এলাকায় অভিযান জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ। দুই দিনের পৃথক যৌথ অভিযানে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে ৩টি স্টিল বডি ট্রলার জব্দ এবং ৪ জনকে আটক করা হয়েছে।

সর্বশেষ আজ (বুধবার, ২৭ মে) সকাল ৭টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে কোস্টগার্ড স্টেশন ইলিশা ও ভোলা বিআইডব্লিউটিএ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এসময় লক্ষ্মীপুর থেকে ইলিশা নৌরুটে স্টিল বডি ট্রলারের মাধ্যমে অবৈধভাবে যাত্রী পারাপারের সময় ২টি ট্রলারসহ ৩ জনকে আটক করা হয়।

আটকরা হলেন— ভোলা সদরের কাচিয়া এলাকার মো. রাসেল (৩০), লক্ষ্মীপুর সদরের রহমনী মহন এলাকার মো. মহসিন (৩১) ও মো. হারুন অর রশিদ (৪০)।

আরও পড়ুন:

এর আগে, গত সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে একই এলাকায় পরিচালিত আরেকটি যৌথ অভিযানে অবৈধভাবে যাত্রী পরিবহনের সময় ১টি স্টিল বডি ট্রলারসহ আরও একজনকে আটক করা হয়। পরে জব্দকৃত ট্রলার ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডব্লিউটিএ’র কাছে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, ঈদকে সামনে রেখে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে কিছু অসাধু চক্র ঝুঁকিপূর্ণ স্টিল বডি ট্রলারের মাধ্যমে যাত্রী পারাপার করছে। এসব ট্রলার দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে এবং যাত্রীদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ কারণে নৌপথে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোস্টগার্ড আরও জানায়, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং নৌপথে যেকোনো অনিয়ম রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ