পুলিশ জানায়, বেশ কিছুদিন যাবত সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় একটি ছিনতাইকারী চক্র মোটরসাইকেল যোগে বিভিন্ন নির্জন জায়গায় মহিলাদের স্বর্ণালংকার, মোবাইল, টাকা পয়সা ছিনতাই করছিল।
গত ৩ মে শ্রীমঙ্গল থানা এলাকার রুপসপুর এলাকায় মোটরসাইকেল যোগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে জানার পর শ্রীমঙ্গল থানার এসআই মো. মহিবুর রহমানের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। ক্লুলেস এ ঘটনায় বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়।
দীর্ঘ পর্যালোচনা ও যাচাই বাছাইয়ের পর সিলেট শহরের জালালাবাদ থানা এলাকার আখালিয়া গেটের নির্জন বাসা থেকে ছিনতাইকারী চক্রের মূল হোতা খালেদ আহমেদকে (৩৪) গ্রেপ্তার করা হয়। আসামির কাছ থেকে এসময় ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট, নগদ টাকা, মোবাইল ফোন ও ব্যাগ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। তার একাধিক সহযোগী রয়েছে এবং ছিনতাই প্রতিরোধে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।





