কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ঈদ উল আজহাকে কেন্দ্র করে এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরির ঘটনা বেড়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র একটি পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে যায়।
এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দিলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে জনতা তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিনজনকে আটক করে পিটুনি দেয়। তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সুরতহাল শেষে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।





