রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী অভিযান, তিন দিনে গ্রেপ্তার ৩৬

রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিরা
রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিরা | ছবি: এখন টিভি
0

রাঙামাটির কাঁঠালতলী ধোপাপাড়ার সজল দাশের বসতবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ও ৪১ হাজার টাকাসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন।

আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) দুপুরে এ অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেপ্তাররা হলেন— সজল দাশ (৩৪), হৃদয় দাশ (২৫), মো. সাইফুল ইসলাম (৩০), বৃন্দাবন বড়ুয়া (৩১), সুমন দাশ (৩৫) ও কাজল দাশ (২৬)।

জানা যায়, সজল দাশ পুলিশের খাতায় ‘মাদক সম্রাট’ হিসেবে তালিকাভুক্ত। পুলিশি অভিযানের ব্যাপারে টের পেয়ে পালিয়ে যাওয়া সজল দাশের স্ত্রী রীতা দাশ (২৫) ও শুভ নামের দু’জনকে গ্রেপ্তারের অভিযান চলছে। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে ৩ দিনে ৩৬ জনকে গ্রেপ্তার করা হলো।

আরও পড়ুন:

এর আগে, গত মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে রাঙামাটি শহরের বিভিন্ন মাদক স্পটে কোতয়ালী থানা পুলিশের সরেজমিনে সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদক কারবারিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়। আর গতকাল (বুধবার, ২৫ মার্চ) দিবাগত রাতে মাদকসেবী ও মাদককারবারীসহ মোট ১৯ জন আসামি গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘পুলিশ মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করেছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা চলছে। খুব শিগগিরই পলাতক আসামিদের গ্রেপ্তার করা হবে। মাদক উদ্ধারের বিষয়ে কোতয়ালী থানা পুলিশের সরেজমিনে সাঁড়াশি অভিযান অব্যহত আছে এবং থাকবে।’

এসএইচ