জানা যায়, শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) লুৎফর রহমান রাতের ফুট পেট্রোল ডিউটিতে ছিলেন। ডিউটির এক পর্যায়ে তারা শহরের মন্ডলপাড়া ব্রিজ এলাকায় অবস্থান নেন।
ভোর আনুমানিক ৬টার দিকে এএসআই লুৎফর রহমান ওয়াশরুমে যাওয়ার কথা বলে মন্ডলপাড়া ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেলে করে নগর ভবনের সামনে যান। এ সময় আরেকটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে।
এ সময় দুর্বৃত্তদের একজন দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। তবে আঘাতটি তার শরীরে না লেগে মোটরসাইকেলের সামনের অংশে লাগে। পরে অপর দুইজন তার কোমরে থাকা ব্যবহৃত সরকারি পিস্তল (তারাস) ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান, ঘটনার পরপরই অজ্ঞাতো ওই দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। পাশাপাশি ছিনতাই হওয়া পিস্তল উদ্ধারে বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
