Recent event

মোহাম্মদপুর-আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৯৫

অভিযানে গ্রেপ্তাররা
অভিযানে গ্রেপ্তাররা | ছবি: এখন টিভি
0

পবিত্র রমজান মাসে নগরবাসীর নিরাপদ সিয়াম পালন এবং শান্তিপূর্ণ ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশের তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা থেকে ২টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানের মূল লক্ষ্য ছিল চাঁদাবাজ, কিশোর গ্যাং সদস্য, মাদককারবারি, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের চিহ্নিত করে আটক করা। সম্মিলিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও জানা যায়, আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে মোহাম্মদপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলার আসামি একজন, খুনের মামলায় একজন, চাঁদাবাজি মামলায় চারজন, পরোয়ানাভুক্ত আসামি চারজন ও অন্যান্য আইনে আসামি ৪৪ জন।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এসএইচ