মুকুলে ছেয়ে গেছে নাটোরের আম বাগান; বাম্পার ফলনের প্রত্যাশা বাগান মালিকদের

মুকুলে ছেয়ে গেছে নাটোরের আম বাগান
মুকুলে ছেয়ে গেছে নাটোরের আম বাগান | ছবি: এখন টিভি
0

ঋতুরাজ বসন্তের আগমনে বদলে গেছে প্রকৃতি। ঋতু পরিবর্তনের প্রভাবে নাটোরের আম বাগানগুলো ছেয়ে গেছে মুকুলে। ভালো ফলনের আশায় পরিচর্যার পাশাপাশি বাড়তি যত্ন নিচ্ছেন বাগান মালিকরা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে সম্ভাবনা আছে বাম্পার ফলনের।

প্রকৃতিতে বসন্তের আগমনে নতুন রূপে সেজেছে বাংলার প্রকৃতি। প্রকৃতির এমন পালা বদলে পরিবর্তন এসেছে আমের বাগানগুলোতে। মুকুলে মুকুলে ছেয়ে গেছে গাছ। স্বাদের কারণে নাটোরের আমের সু-খ্যাতি রয়েছে দেশজুড়ে। এ বছর নাটোরে আমের আবাদ হয়েছে ৫ হাজার ৬৯৩ হেক্টর জমিতে।

হলুদ আর সাদা বর্ণের মুকুলের সমারোহে আশায় বুক বাঁধছেন বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভালো ফলনের সম্ভাবনাও দেখছেন তারা। বাগান মালিকরা জানান, আবহাওয়া ঠিক থাকলে এ মৌসুমে ভালো ফলন পাওয়া যাবে।

আরও পড়ুন:

বাগানগুলোতে আম গাছের পরিচর্যার পাশাপাশি কীটনাশক স্প্রে করছেন চাষিরা। চাষিরা জানান, এ বছর মুকুলের পরিমাণ অনেক বেশি। আশা করা যায়, গত বছরের চেয়ে এ বছর ভালো ফলন পাওয়া যাবে।

আর আম বাগানগুলোতে বাড়তি যত্ন নিতে হর্টিকালচার সেন্টার থেকে দেয়া হচ্ছে নানা পরামর্শ।

নাটোরে ভাতুরিয়া হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ হাসান আতিকুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে। আমরা আশা করছি এ বছর আমের আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হবে।’

আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে বাজারে আসবে নাটোরের নানা জাতের সুমিষ্ট আম, চাঙ্গা হয়ে উঠবে আম কেন্দ্রিক অর্থনীতি।

জেআর