Recent event

ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে জামায়াত: মির্জা ফখরুল

কথা বলছেন মির্জা ফকরুল
কথা বলছেন মির্জা ফকরুল | ছবি: এখন টিভি
0

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামি ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, ‘জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে।’ এ ধরনের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘নাউজুবিল্লাহ বলতে হয়। এটা কি কোনো কথা হলো? একটি নির্দিষ্ট মার্কায় ভোট দিলেই কি বেহেশতে যাওয়া যায়?’

আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি অনুরোধ করবো, কোনো বিভ্রান্ত না হয়ে দেশের উন্নয়নের জন্য, আমাদের একাত্তরের স্বাধীনতাকে, চব্বিশের জুলাই অভ্যুত্থানকে ধারণ করার জন্য আসুন আমরা ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়ন করি।’

বিএনপির মহাসচিব বলেন, আমাদের হেফাজতে ইসলামের আমির সাহেব জামায়াতের এসব কথার ওপরে বলেছেন— জামায়াতে ইসলামকে ভোট দেয়া নাজায়েজ। আর জামায়াতে সঙ্গে ছিলো চরমোনাই পীর সাহেব উনি বলেছেন— জামায়াতে ইসলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী।’

আরও পড়ুন:

তার ভাষ্য, ‘আমার ঠাকুরগাঁও এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কৃষি ছাড়া আয়ের আর কোনো উৎস নেই। কৃষকেরা কৃষি কাজ ঠিকমতো করতে পারে সেজন্য সার, পানি এসবের ব্যবস্থা আমরা করবো।’

এসময় সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন। আপনাদের ভোটে নির্বাচিত হলে সবার আগে আমি মা-বোনদের নিরাপত্তা দেয়ার ব্যবস্থা করবো। আমি আমার সনাতনী ভাই-বোনদের ভাই নিরাপত্তা দেয়ার চেষ্টা করবো। পাশাপাশি এলাকায় নতুন নতুন কলকারখানা করা হবে। এছাড়াও বেকার সমস্যা দূর করা হবে।’

এসময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এফএস