ইবিতে শিক্ষক নিয়োগ ইস্যুতে ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রী ফিরোজা নাজনিনের বিতর্কিত নিয়োগ নিয়ে ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল (বুধবার, ২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের সত্যতা যাচাই করতেই এ কমিটি গঠন করা হয়েছে।’

তিন সদস্যের এ কমিটিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রোকসানা মিলিকে আহ্বায়ক, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা)শহিদুল ইসলামকে সদস্যসচিব এবং থিওলজি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সেকান্দার আলীকে সদস্য করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেট সভায় আইসিটি বিভাগের প্রভাষক পদে ফিরোজা নাজনিনকে সুপারিশ করা হয়। এরপর নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ ওঠে।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রোকসানা মিলি বলেন, ‘আমরা ফিরোজার প্রিভিয়াস রেজাল্ট ও অকৃতকার্য হওয়ার বিষয় যাচাই করব। এ ছাড়া তার স্বামী একই বিভাগের অধ্যাপক ড. জাহিদুল তিনি ছাত্রী থাকাকালীন সভাপতি ছিলেন কি না। এসব বিষয় খতিয়ে দেখে রিপোর্ট দেব।’

জেআর